রবিবার, ৭ জুন ২০২৬

খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি ‘বিশেষ চিঠি’ হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।

রোববার তেহরানে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মহসিন নকভি বলেন, সেনাপ্রধান আসিম মুনিরের পাঠানো বিশেষ বার্তার পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি গুরুত্বপূর্ণ বার্তাও তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেবেন।

তবে ওই চিঠি ও বার্তার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি শুধু ইঙ্গিত দেন যে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু এবং পাকিস্তান-ইরান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে।

তেহরানে পৌঁছানোর পর মহসিন নকভিকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দর মোমেনি। সফরকালে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, ইরানকে ঘিরে পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। পাকিস্তান ও ইরান দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে আসছে।

কূটনৈতিক মহলের ধারণা, তেহরান সফরে অনুষ্ঠিত বৈঠকগুলোতে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত পরিস্থিতি এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে।

তথ্যসূত্র: দ্য ডন


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন