রবিবার, ২৩ আগস্ট ২০২৬

পুরান ঢাকার লালবাগে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু, বিনামূল্যে মিলবে দুই ডোজ

কলেরা প্রতিরোধে রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় শুরু হয়েছে ওরাল কলেরা টিকাদান (ওসিভি) ক্যাম্পেইন-২০২৬। কর্মসূচির আওতায় নির্ধারিত এলাকার বাসিন্দাদের বিনামূল্যে দুই ডোজ করে কলেরার টিকা দেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) লালবাগের বড় দায়রা শরীফে একটি টিকাদান কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কলেরা থেকে সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের টিকা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ থাকতে এবং কলেরা প্রতিরোধে সবাইকে টিকাদান কর্মসূচিতে অংশ নিতে হবে। এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাও প্রয়োজন।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন লালবাগের ২৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর বটতলা ইউনিটের আহ্বায়ক আরমান হোসেন বাদল।

দ্বিতীয় ডোজ ২৬ সেপ্টেম্বর থেকে

টিকাদান কর্মসূচির আওতায় শনিবার (২২ আগস্ট) থেকে প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বাসিন্দাদের সুবিধার্থে কাছাকাছি টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি পর্যায়ের নির্ধারিত কেন্দ্র অথবা মোবাইল টিকাদান দলের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

কলেরা একটি তীব্র পানিবাহিত সংক্রামক রোগ। মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে এর সংক্রমণ ছড়িয়ে পড়ে। এ কারণে টিকা গ্রহণের পাশাপাশি নিরাপদ পানি পান, খাবার পরিচ্ছন্ন ও ঢেকে রাখা এবং খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কলেরা প্রতিরোধে নির্ধারিত সময়ে টিকার দুই ডোজ সম্পন্ন করার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক বার্তায় নিরাপদ পানি পান এবং কলেরা প্রতিরোধে টিকার দুই ডোজ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণকে কলেরা প্রতিরোধের গুরুত্বপূর্ণ উপায় হিসেবে তুলে ধরা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন