শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংসদ সদস্য হিসেবে নিজের ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

ভোটার ৩৪৯ সংসদ সদস্য

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হচ্ছেন জাতীয় সংসদের সদস্যরা। এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

তবে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থতার কারণে ভোটে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় সংখ্যার হিসাবে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। তবে রাষ্ট্রপতি পদে একাধিক বৈধ প্রার্থী থাকায় আইন অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মির্জা ফখরুল সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পাশাপাশি ভোটও দিতে পারছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ বর্তমান সংসদের সদস্য না হওয়ায় এ নির্বাচনে তার ভোটাধিকার নেই।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট গোপন ব্যালটে হয় না। প্রচলিত বিধান অনুযায়ী, সংসদ সদস্যরা নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের পাশে নিজেদের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট প্রদান করেন।

জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টার পর সংসদ কক্ষেই ভোট গণনার কথা রয়েছে। গণনা শেষে নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করবেন।

এরপর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করবে।

দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচনের সাংবিধানিক এ প্রক্রিয়ায় সংসদ সদস্যদের ভোটেই নির্ধারিত হবে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন