৬ মাসে সরকারের সুস্পষ্ট কোনো সাফল্য নেই: গোলাম পরওয়ার
- নিজস্ব প্রতিবেদক
- ২০ ঘণ্টা আগে
গণভোট-জুলাই সনদ থেকে জ্বালানি, আইনশৃঙ্খলা ও ব্যাংকিং—বিভিন্ন খাতে ব্যর্থতার অভিযোগ জামায়াতের
ঢাকা, ১৮ আগস্ট ২০২৬:
বিএনপি সরকারের প্রথম ছয় মাসে জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো সুস্পষ্ট সাফল্য দেখা যায়নি বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, সরকারের কর্মকাণ্ডে সময়ক্ষেপণ, নীতিগত দ্বিধা, সিদ্ধান্তহীনতা ও বাস্তব ফলাফলের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে।
একই সঙ্গে বর্তমান সরকার ‘ফ্যাসিস্ট সরকারের পথে’ হাঁটছে মন্তব্য করে তিনি সতর্ক করেন, এ ধারা অব্যাহত থাকলে সরকারের পরিণতিও সেদিকেই যেতে পারে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ‘সরকারের ছয় মাসের মূল্যায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন না করাই ‘সবচেয়ে বড় ব্যর্থতা’
সরকারের ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করতে গিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না করাকে সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন তো করেইনি, বরং গণভোটের প্রশ্নে সম্পূর্ণ নেতিবাচক ভূমিকায় সরকার অবস্থান নিয়েছে।’
জুলাই সনদের ৩০টি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠাসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব থাকলেও গত ছয় মাসে সেগুলোর কোনোটি বাস্তবায়িত হয়নি বলে তাদের মূল্যায়ন।
জ্বালানিসংকট নিয়ে সরকারের সমালোচনা
দেশের চলমান গ্যাস ও জ্বালানিসংকট নিয়েও সরকারের সমালোচনা করেন গোলাম পরওয়ার। তার দাবি, গ্যাস ও জ্বালানির সংকটে শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রায় ২০টি কারখানা বন্ধ হওয়ার পাশাপাশি ২০ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত বাংলাদেশের আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দুর্বলতাও সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি নিরাপত্তায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার ঘাটতি রয়েছে দাবি করে তিনি বলেন, দেশের শিল্প উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান সচল রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
প্রশাসনে দলীয়করণের অভিযোগ
সরকারি প্রতিষ্ঠান ও প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন জামায়াতের এই নেতা।
গোলাম পরওয়ার বলেন, মেধা, দক্ষতা ও পেশাদারত্বের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি থাকলেও প্রথম ছয় মাসেই প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ জোরালো হয়েছে।
পদোন্নতি, পদায়ন, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা এবং চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাবের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। গুরুত্বপূর্ণ পদে দলঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উদ্বেগজনক’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের ছয় মাসের কার্যক্রমের সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও বিভিন্ন পরিসংখ্যান উদ্বেগের কারণ তৈরি করছে।
সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রথম ১০০ দিনের মূল্যায়নের তথ্য উদ্ধৃত করে তিনি দাবি করেন, মার্চ ও এপ্রিল সময়ে ৬০৫টি হত্যা, ২৯৪টি ছিনতাই, ১৯৬টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের ৩ হাজার ৪৯৬টি ঘটনা ঘটেছে।
একই সময়ে দেশজুড়ে ৬৯ থেকে ৮০টি মব সহিংসতার ঘটনায় ৩১ থেকে ৪২ জন নিহত হওয়ার তথ্যও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
মূল্যস্ফীতি কমলেও মানুষের ব্যয়চাপ কমেনি
দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে জামায়াতের মূল্যায়নে বলা হয়, মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও সামগ্রিক মূল্যস্তর এখনো বেশি। ফলে খাদ্য, বাসাভাড়া, পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় খাতে ব্যয়ের চাপ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর রয়ে গেছে।
জামায়াতের দাবি, উচ্চ মূল্যস্তরের কারণে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমছে। বাজারে সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী, অস্বাভাবিক মুনাফা ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ব্যাংকিং খাতে দৃশ্যমান অগ্রগতি নেই বলে দাবি
ব্যাংকিং খাতেও সরকার প্রত্যাশিত অগ্রগতি দেখাতে পারেনি বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। তার অভিযোগ, খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকের তারল্যসংকট, আমানতকারীদের আস্থাহীনতা এবং উচ্চ সুদের চাপ মোকাবিলায় গত ছয় মাসে দৃশ্যমান উন্নতি হয়নি।
বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুর্বল থাকার পাশাপাশি মূলধনি যন্ত্রপাতির ঋণপত্র বা এলসি খোলা আগের বছরের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ কমেছে বলে দাবি করেন তিনি। এটিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
পররাষ্ট্রনীতিতেও ‘কৌশলগত দুর্বলতা’
সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার। তার ভাষ্য, দায়িত্ব গ্রহণের পর সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’কে পররাষ্ট্রনীতির মূল দর্শন হিসেবে ঘোষণা করলেও ছয় মাসে সেটিকে সুস্পষ্ট ও সমন্বিত নীতি-কাঠামোয় রূপ দিতে পারেনি।
শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলেও দাবি করেন তিনি।
রোহিঙ্গা প্রত্যাবাসন, মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক, জ্বালানি কূটনীতি, বিদেশি শ্রমবাজার এবং বৃহৎ শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সুস্পষ্ট লক্ষ্য ও পরিমাপযোগ্য ফলাফলভিত্তিক পররাষ্ট্রনীতি প্রণয়নের দাবি জানায় জামায়াত।
গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়েও উদ্বেগ
সংবাদ সম্মেলনে প্রস্তাবিত ‘প্রিভেনশন অ্যান্ড রেমেডি অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অ্যাক্ট, ২০২৬’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি দাবি করেন, গুম প্রতিরোধে সরকার আইন প্রণয়নের উদ্যোগ নিলেও প্রস্তাবিত খসড়ার কয়েকটি বিধান নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।
সরকারের প্রতি আট দফা আহ্বান
সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি আটটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় জামায়াতে ইসলামী। এর মধ্যে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সময়বদ্ধ রোডম্যাপ প্রকাশ, গ্যাস ও জ্বালানিসংকট মোকাবিলায় সমন্বিত জ্বালানি নিরাপত্তা কৌশল প্রণয়ন, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করার বিষয় রয়েছে।
এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন, মধ্যপ্রাচ্য, জ্বালানি কূটনীতি, শ্রমবাজার এবং বৃহৎ শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে পূর্ণাঙ্গ পররাষ্ট্রনীতি কাঠামো প্রকাশের আহ্বান জানানো হয়।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মানুষের ক্রয়ক্ষমতা রক্ষায় বাজার সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী, অস্বাভাবিক মুনাফা এবং চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে দলটি।
ব্যাংকিং খাতে আস্থা ও সুশাসন ফেরানো, প্রভাবশালী ঋণখেলাপিদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থা গ্রহণ, খেলাপি ঋণ পুনরুদ্ধার, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং দুর্বল ব্যাংকগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। একই সঙ্গে ব্যাংকিং খাতে দলীয় ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানায় জামায়াত।
‘জনগণ ব্যাখ্যা নয়, সমাধান চায়’
সরকারের প্রথম ছয় মাসের সামগ্রিক মূল্যায়নে গোলাম পরওয়ার বলেন, জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শক্তিশালী কোনো অর্জন সরকার এখনো জাতির সামনে তুলে ধরতে পারেনি।
তিনি বলেন, ‘জনগণ সরকারকে সমস্যার ব্যাখ্যা দেওয়ার জন্য নয়, সমাধান দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে।’
আগামী দিনে প্রথম ছয় মাসের সীমাবদ্ধতা কাটিয়ে সরকার দৃশ্যমান পরিবর্তন দেখাতে না পারলে জনগণের হতাশা ও আস্থার সংকট আরও গভীর হতে পারে বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
এই বিভাগের আরও খবর
গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা ঠিক নয়: নাহিদ ইসলাম
গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবিতে আন্দোলনকে ভাঙচুরের সঙ্গে না মেলানোর…
শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর
ঢাকা | ১৭ আগস্ট ২০২৬ ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত…
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের…
শাপলা চত্বরের মামলায় দুই সাংবাদিকসহ আট আসামিকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল
ঢাকা, ১৬ আগস্ট ২০২৬: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে…
বিদ্যুৎ সংকট: প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করে ৪ প্রস্তাব হাসনাতের
দেশের চলমান বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রী বিরোধী দলকে…
সর্বশেষ খবর
2.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
চলতি বছরে মৃত্যু বেড়ে ৭৪, আক্রান্ত ২৫ হাজার ৬০১ জন ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।…
মানুষ আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, দেশে চলমান গ্যাস সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এ সংকট পুরোপুরি নিরসনে কমপক্ষে আরও…
তারেক রহমানের ভারত সফর নিয়ে আপডেট নেই: নয়াদিল্লি
সফরকে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার ‘সুযোগ’ হিসেবে দেখছেন সাবেক ভারতীয় কূটনীতিক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে এখন…
সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব—প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে এলে দেশের অনেক…
দুর্ধর্ষ জঙ্গিসহ এখনো পলাতক ৬৯০ বন্দি
নরসিংদী কারাগার থেকেই পালিয়েছিলেন ৮২৬ জন, দেশের কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি ঢাকা, ১৮ আগস্ট: ২০২৪ সালের জুলাই-আগস্টের অস্থিরতার সময়…
মিরপুরের কাফরুলে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
ঢাকা, ১৮ আগস্ট: রাজধানীর মিরপুরের কাফরুলে বাসের ধাক্কায় আম্বিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায়…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০
ঢাকা, ১৮ আগস্ট: রাজধানীর মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর…
নিউমার্কেটে ছিনতাইকালে হাতেনাতে গ্রেপ্তার এক
ঢাকা, ১৮ আগস্ট: রাজধানীর নিউমার্কেট এলাকায় ছিনতাইকালে মো. আজিজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের…

