বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব—প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬:

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে এলে দেশের অনেক বড় সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক ও সামাজিক উদ্যোগে অংশ নেওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার জন্য বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’

জনকল্যাণমূলক কাজে বেসরকারি খাতের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যারা এ জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।’

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

তিন প্রতিষ্ঠানের সহায়তায় ২০ হাজার রেইনকোট

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানে কর্মরত শ্রমিকদের মধ্যে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে।

এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার রেইনকোট দিচ্ছে। শেভরন বাংলাদেশ ও পাণ্ডুঘর গ্রুপ দিচ্ছে পাঁচ হাজার করে আরও ১০ হাজার রেইনকোট।

চা-বাগানের শ্রমিকদের বড় একটি অংশকে বর্ষাকাল ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খোলা পরিবেশে কাজ করতে হয়। এ বাস্তবতায় তাদের কর্মক্ষেত্রে সুরক্ষা বাড়ানোর লক্ষ্যেই সরকারি উদ্যোগের সঙ্গে বেসরকারি খাতের সিএসআর সহায়তা যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে ভূমিকা রাখা করপোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতেও চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান এবং নিরাপদ কর্মপরিবেশ উন্নয়নের উদ্যোগে সম্পৃক্ত থাকার প্রত্যয় জানান তারা।

প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার

রেইনকোট গ্রহণের সময় শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছাস্বরূপ চা-পাতা উপহার দেন।

অনুষ্ঠানে চা-শ্রমিকদের প্রতিনিধিত্ব করে শান্তি উড়িয়া, মুন্নী কুর্মি, জ্যোৎস্না আক্তার, রিনা তাঁতী, শশিকা ব্যানার্জি, কবিতা কর্মকার, সুজাতা বিশ্বাস, রিতা রাণী বাউরী ও আফখাতুন নাহার উপস্থিত ছিলেন। তারা শ্রমিকদের সুরক্ষায় এ উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী, সরকার এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।

উপস্থিত ছিলেন মন্ত্রী ও সংসদ সদস্যরা

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী (সিলেট-৬), নাসির উদ্দিন মিঠু (মৌলভীবাজার-১), মো. শওকতুল ইসলাম (মৌলভীবাজার-২), এম নাসের রহমান (মৌলভীবাজার-৩), হাজী মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), আলহাজ মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩) এবং এস এম ফয়সাল (হবিগঞ্জ-৪) অনুষ্ঠানে অংশ নেন।

বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন, উপদেষ্টা তপন চৌধুরী, কার্যকরী সদস্য সিমিন রহমান ও নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম।

শেভরন বাংলাদেশের পক্ষে পরিচালক মো. ইমরুল কবির ও আশিক শেহজাদ রহমান এবং হেড অব কমিউনিটি এনগেজমেন্ট একেএম আরিফ আখতার উপস্থিত ছিলেন। পাণ্ডুঘর গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন পিপল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স চিফ গোলাম হাবিব।

সরকারের উদ্যোগ এবং বেসরকারি খাতের সিএসআর সহায়তার সমন্বয়ে নেওয়া এ কর্মসূচির মাধ্যমে চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় কাজের সময় ব্যক্তিগত সুরক্ষা বাড়ানোর পাশাপাশি প্রান্তিক শ্রমজীবী জনগোষ্ঠীর কল্যাণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদার হবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা প্রকাশ করা হয়।

ছবি: পিএমও


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন