রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে ড. ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে এ আইনি নোটিশ পাঠান।

নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। তিনি দাবি করেন, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতার বাইরে নিয়ে বেসরকারি খাতে দেওয়ার ‘অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের’ সঙ্গে ড. ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এ কারণে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের স্বার্থে ড. ইউনূস যাতে দেশত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে বলে জানান আইনজীবী।

তবে নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বা তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আইনি নোটিশে কী কী দাবি বা নির্দেশনা চাওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের মাধ্যমে আরও স্পষ্ট হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন