শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের

মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, থানা এলাকার হোটেল ও স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ এবং ছিনতাই প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

সভায় মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

মাদক কারবারি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দেন তিনি। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সমন্বিতভাবে কাজ করারও নির্দেশ দেওয়া হয়।

হোটেল-স্পায় অবৈধ কর্মকাণ্ড বন্ধের নির্দেশ

থানার আওতাধীন হোটেল ও স্পা সেন্টারে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড যাতে পরিচালিত হতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, কোনো হোটেল বা স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রাখতে হবে।

ছিনতাই প্রতিরোধে ২৪ ঘণ্টা মাঠে থাকার নির্দেশ

রাজধানীতে ছিনতাই প্রতিরোধে ছিনতাইপ্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে পুলিশের উপস্থিতি বাড়ানোর নির্দেশ দেন কমিশনার।

তিনি ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে সিটিটিসি ও ডিবিকে ২৪ ঘণ্টা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান আরও জোরদারের পাশাপাশি ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কমিশনারের নির্দেশনা অনুযায়ী, অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পরিস্থিতি পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন বাধ্যতামূলক

অপরাধের মামলা তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি নির্দেশ দেন, প্রতিটি মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করতে হবে।

ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা উদ্ঘাটনে তদন্ত কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে তিনি প্রয়োজনীয় আলামত সংগ্রহ, ঘটনার পারিপার্শ্বিকতা যাচাই এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন।

তার মতে, শুধু মামলা গ্রহণ ও তদন্ত কার্যক্রম পরিচালনা করাই যথেষ্ট নয়; বরং ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তদন্তকে আরও কার্যকর ও গতিশীল করতে হবে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্বের ওপর গুরুত্ব

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানোর পাশাপাশি অপরাধ সংঘটনের কারণ ও ধরন বিশ্লেষণ করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয় সভায়।

যারা উপস্থিত ছিলেন

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় রাজধানীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন