রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মো. শামীম হাসান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে দক্ষিণ পীরেরবাগের ৬০ ফিট সড়কে এ অভিযান চালানো হয়।
মিরপুর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দক্ষিণ পীরেরবাগের ৬০ ফিট সড়কে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় শামীম হাসানকে আটক করা হয়।
পরে তার হেফাজতে থাকা ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম হাসান দীর্ঘদিন ধরে মিরপুর ও আশপাশের এলাকায় ফেন্সিডিলসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার শামীম হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মিরপুর মডেল থানা পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

