অনুসরণ করুন:
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বিয়ের স্বর্ণ কেনার নামে ৫৭ লাখ টাকার জাল নোট নিয়ে জুয়েলার্সে, যুবক আটক

রাজধানীর বনানীতে বিয়ের জন্য স্বর্ণালংকার কেনার কথা বলে একটি জুয়েলার্সে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোট ব্যবহারের অভিযোগে রুবেল (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বনানী সুপারমার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পরে জুয়েলার্স কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ ইসলাম জানান, জুয়েলার্স কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের দাবি, ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট ছিল। উদ্ধার হওয়া নোটগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুয়েলার্সের কর্মচারী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার আগে দুই ব্যক্তি বিয়ের জন্য প্রায় ২০ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন। পছন্দমতো অলংকার প্যাকেট করার পর তারা একটি ব্যাগে থাকা টাকা মূল্য হিসেবে দিতে চান। টাকা গণনার সময় কর্মচারীদের সন্দেহ হলে তারা ক্রেতাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন।

একপর্যায়ে পরিস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মার্কেটে উপস্থিত লোকজনের সহায়তায় একজনকে আটক করা হলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় এবং উদ্ধার করা টাকাগুলো জব্দ করে।

পুলিশ জানায়, আটক রুবেলের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ কেবলনগর এলাকায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।:::


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন