চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) টানা ২৩ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে। শুক্রবার (৮ মে) ভোর ৬টা থেকে সৌদি আরব থেকে আমদানি করা অপরিশোধিত তেল দিয়ে পূর্ণমাত্রায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৫টা থেকেই ফায়ার্ড হিটারে ক্রুড অয়েল প্রসেসিং শুরু হয়। পরে পেট্রোল, অকটেন, ডিজেলসহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করে নির্ধারিত ট্যাঙ্ক ফার্মে সংরক্ষণ করা হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে কাঁচামালের সংকটে উৎপাদন বন্ধ ছিল। পরে হরমুজ এড়িয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে আসা চীনা জাহাজ ‘এমটি নাইমনিয়া’ গত বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মজুত তেল দিয়ে প্রায় ২৫ দিন উৎপাদন চালানো সম্ভব হবে। তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে নতুন চালান দেশে আনা জরুরি।
এদিকে, চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তথ্যমতে, জাহাজটি ১০ মে রওনা হয়ে ২৫ মে’র মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে।
ইস্টার্ন রিফাইনারির দুটি ইউনিটে প্রতিদিন প্রায় ৪ হাজার মেট্রিক টন জ্বালানি উৎপাদনের সক্ষমতা রয়েছে। বর্তমানে আনা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল থেকে ডিজেল, ফার্নেস অয়েল, পেট্রোল, কেরোসিন ও অকটেন উৎপাদন করা হবে।

