বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার, দলভিত্তিক তথ্য নেই: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বেলা ১১টায় ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্ত ব্যক্তির দলীয় পরিচয় উল্লেখ থাকে না। ফলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা বা হয়রানিমূলক মামলা হয়েছে, তার সঠিক হিসাব নির্ধারণ করা সম্ভব নয়।

তবে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্যের বরাত দিয়ে জানান, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে গত ৫ মার্চ জেলাপর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটির সুপারিশ যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে ৮ মার্চ তাকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি মামলাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন