বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি কার্যক্রম শুরু হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমবাহী জাহাজ MV NORSE STRIDE আজ শনিবার চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (USDA)-এর মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক গম আমদানির এ কার্যক্রম চলমান রয়েছে।
বন্দরে পৌঁছানো গমের নমুনা পরীক্ষার পর দ্রুত খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় খাদ্য মন্ত্রণালয়। মোট গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
এই চালানের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সরকারিভাবে গম আমদানির নতুন অধ্যায় সূচিত হলো বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

