মুন্সিগঞ্জ | ২১ জুলাই ২০২৫
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই কেজির বেশি গাঁজা এবং একটি তাজা গাঁজা গাছসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতার হওয়া দুজনই একই পরিবারের সদস্য।
গতকাল শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে এসআই মুহাম্মদ আক্কাস আলী সেখ ও সঙ্গীয় ফোর্স নয়াগাঁও গ্রামে অভিযান চালান।
বসতবাড়ির ভেতরে গাঁজা ও গাছ
গ্রেফতারকৃতরা হলেন মহিউদ্দিন বেপারী (৬০) এবং তার স্ত্রী রেহেনা বেগম (৫০)। পুলিশ জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে ২ কেজি ৭৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫৫ হাজার টাকা। এছাড়া বাড়ির আঙিনায় চাষ করা সবুজ রঙের ৯ ফুট উচ্চতার একটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
আইনি ব্যবস্থা
ঘটনার পরপরই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/১৮(ক)/৪০ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ২৪, তারিখ: ২১/০৭/২০২৫)।

