বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

তরিকুল হত্যা মামলায় পাঁচ আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল

যশোর, ১৭ জুলাই ২০২৫

যশোরের অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সচল বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষের সমন্বয়ে একটি বিশেষ দল গত ১৫ ও ১৬ জুলাই কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হয় মিন্টু গাজী (৩৬), হাসানুর রহমান (৪০), বিল্লাল খাঁ (৩৮), আবু হুরায়রা (২৫) এবং মেহেদী হাসান হৃদয় (২৮)।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হত্যার কিছুদিন পর প্রধান অভিযুক্ত মিন্টু গাজী একটি বিদেশি পিস্তল সহঅভিযুক্ত হাসানুর রহমানের কাছে গোপনে হস্তান্তর করেন। পরে স্থানীয় এক নেতার নির্দেশে হাসানুর পিস্তলটি বিল্লাল খাঁর হাতে তুলে দেন। কিছুদিন পর বিল্লাল সেই অস্ত্রটি বুইকারা এলাকার মেহেদী হাসান হৃদয়ের কাছে হস্তান্তর করেন।

ডিবি পুলিশ ধৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায়। সেখানে তার শয়নকক্ষ থেকে ৭.৬৫ ক্যালিবারের একটি সচল বিদেশি পিস্তল এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এই ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা (মামলা নম্বর: ১২) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

তরিকুল হত্যা মামলার তদন্তে এই সাফল্যকে পুলিশ গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। তবে তদন্ত অব্যাহত রয়েছে এবং হত্যার পেছনের প্রকৃত কারণ ও পরিকল্পনাকারীদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন