মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়েছে। অভিযানে দুজন চোরাকারবারিকেও গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) সকালে মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। এ সময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে থামার সিগন্যাল দেওয়া হলে চালক সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করে।
পরে ভ্যানে তল্লাশি চালিয়ে পুলিশ ১৬,১৬৪ পিস ফেস ক্রিম এবং ১৯২ পিস ফেসওয়াশ উদ্ধার করে। উদ্ধার হওয়া প্রসাধনীর বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৭৭ হাজার ৩৩৬ টাকা। এ ছাড়া চোরাই পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য প্রান্তকালকে জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা চোরাই পণ্য সিলেট সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় চালান দেওয়ার চেষ্টা করছিল।”
আটকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, চোরাচালান চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

