সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, দক্ষ জনশক্তি প্রেরণ এবং নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-হামুদি ও তাঁর প্রতিনিধিদল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে দায়িত্ব পালনরত আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এবং দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও কর্তব্যপরায়ণতার ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে মহাপরিচালক বাহিনীর চলমান আধুনিকায়ন কার্যক্রম এবং আনসার-ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পরিচালিত বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

আমিরাতের শ্রমবাজারে দক্ষ জনশক্তি প্রেরণ

বিশেষ করে, সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে আনসার-ভিডিপি কল্যাণ ট্রাস্ট ও প্রান্তিক শক্তি লিমিটেডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীমুক্ত, নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা স্মারক ও উপহার বিনিময় করা হয়।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউএই দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন