২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাহিনীতে যোগ দিয়েছেন বি-২০২৬ ব্যাচের সদস্যরা।
দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার শপথ নিয়েছেন তাঁরা।
রোববার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এদিন পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাঁদের প্রশিক্ষণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সেরা নাবিক হিসেবে নৌপ্রধান পদক
নবীন নাবিকদের মধ্যে মো. সেজান মাহমুদ পেশাগতসহ সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ পান মো. মুজাহিদুল ইসলাম। আর তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ পান মো. শাকিল হাসান।
নবীন নাবিকদের উদ্দেশে নৌপ্রধানের বার্তা
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন এবং নৌ-কমান্ডোদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। দেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নৌপ্রধান আরও বলেন, পায়রা সমুদ্রবন্দরসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষ নাবিক তৈরির ক্ষেত্রেও এ ঘাঁটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
নবীন নাবিকদের উদ্দেশে তিনি সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার নির্দেশনা দেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

