২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য; ২০২৬-৩০ সময়ে ১৫০টি কূপ খননের পরিকল্পনা
আমদানিনির্ভরতা কমিয়ে বহুমুখী, দক্ষ, প্রতিযোগিতামূলক ও পরিবেশবান্ধব জ্বালানি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা করে নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার কাজও চলছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কথা বলেছেন।
রোববার সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) ও দ্য এশিয়া ফাউন্ডেশন পরিচালিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নীতি-করণীয়’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানি নিরাপত্তায় কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন
অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের জীবনমান, শিল্প ও কৃষির উৎপাদনশীলতা, বিনিয়োগ পরিবেশ এবং অর্থনীতির কাঙ্ক্ষিত রূপান্তর জ্বালানি নিরাপত্তার ওপর নির্ভরশীল। এ কারণে সরকার জ্বালানি খাত পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা বলতে শুধু বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা বোঝায় না। নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অসহনীয় চাপ, বাজেটের ওপর ভর্তুকি ও সক্ষমতাজনিত দায় এবং অর্থনীতির বহিঃখাতের ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব এড়ানোও এর অংশ।
উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দুটি সমান্তরাল দায়িত্ব নিয়ে কাজ করছে। প্রথমত, চলমান জ্বালানি সংকট মোকাবিলা করে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করা। দ্বিতীয়ত, আমদানিনির্ভর ও জীবাশ্ম জ্বালানিভিত্তিক কাঠামো থেকে বেরিয়ে বহুমুখী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা।
ক্যাপাসিটি চার্জে পরিশোধ ২ লাখ ৮১ হাজার কোটি টাকা
উপদেষ্টা বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ বাবদ প্রায় ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। তাই শুধু বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা থাকলেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত সক্ষমতা এবং জ্বালানির প্রাপ্যতা বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে। এ সময় প্রায় ৫৫টি এলএনজি কার্গো বাতিলের পরিস্থিতি তৈরি হয়। ফলে স্পট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহ করতে হয়েছে।
এমন পরিস্থিতিতেও আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ সরাসরি জনগণের ওপর না দিয়ে সরকার কৃষক, পরিবার, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে আয়ভিত্তিক মূল্য নির্ধারণের ব্যবস্থা বা ‘ইকুইটি-বেজড ডিফারেনশিয়াল প্রাইস মেকানিজম’ নিয়ে কাজ করা হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য
নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে উপদেষ্টা বলেন, ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎকে অর্থনৈতিক রূপান্তরের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যক্তি খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে। এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রস্তাব পাওয়া যাচ্ছে।
সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেম আমদানিতে শুল্ক ৬৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। এসব পণ্যের ওপর আয়করও ১৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে সরকারি ভবনগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদন ও এ খাতের বিকাশেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাঁচ বছরে ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা
দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রথম পর্যায়ে ১৫০টি কূপ খননের মাধ্যমে দৈনিক ১ হাজার ৭৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন এবং জ্বালানি ব্যবস্থার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
গবেষণা প্রকাশ অনুষ্ঠানে আরও যারা ছিলেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. এম আবু ইউসুফ। মূল উপস্থাপক হিসেবে গবেষণার ফলাফল ও নীতিগত তাৎপর্য তুলে ধরেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক।
প্যানেল আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) বাংলাদেশ কান্ট্রি ইকোনমিস্ট আমিনুল আমান, দ্য ডেইলি অবজারভারের বিশেষ সংবাদদাতা শাহনাজ বেগম, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা, ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ এবং আনলিমা এনার্জি লিমিটেড ও যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. মাহমুদুল হক।

