রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ঢামেক-চমেকে নিউরোসায়েন্স সেন্টার স্থাপনে উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

চলতি সপ্তাহে দুই মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক; চিকিৎসক সংকট মোকাবিলায় দ্রুত ৫ হাজার নিয়োগের উদ্যোগ

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, এ বিষয়ে চলতি সপ্তাহেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় ও অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

রোববার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

দ্রুত ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সংকট মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। দ্রুততম সময়ের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি ও ব্যয়বহুল ওষুধের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ ত্বরান্বিত করা এবং অত্যন্ত ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা হাসপাতালেও নিউরোসায়েন্স সেবা বাড়ানোর তাগিদ

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম (রেনোভেশন) গতিশীল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম ও ডা. মো. নুরুদ্দীন প্রমুখ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন