হোদেইদাহ বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
ইয়েমেনের হোদেইদাহ বন্দরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলার জবাবে সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। একই সময়ে সৌদি রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি সামরিক বাহিনীর দাবি, রাজধানী লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
গত ১৭ নভেম্বর ইয়েমেনের লোহিত সাগর উপকূলের হোদেইদাহ বন্দরে ভয়াবহ বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে হুতিদের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে বুধবার (২৫ নভেম্বর) ওই হামলার জবাব দেওয়ার দাবি করে গোষ্ঠীটি।
জেদ্দা ও জাজান বন্দরে হামলার দাবি
হামলার পর এক বিবৃতিতে হুতিরা জানায়, সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দর লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালিয়েছে তারা। প্রথম অভিযানে জেদ্দা বন্দরের নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। দ্বিতীয় অভিযানে জাজান বন্দরের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করা হয়েছে। এতে উভয় স্থানেই ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে গোষ্ঠীটি।
হুতিরা আরও জানায়, হোদেইদাহ বন্দরে যেকোনো ধরনের আগ্রাসনের তাৎক্ষণিক ও সরাসরি জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে ‘বন্দরের বদলে বন্দর’ নীতি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে তারা।
ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আরবের কৌশলগত অবকাঠামো ও সামরিক সমাবেশ লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।
হামলার তথ্য স্বীকার সৌদি জোটের
বন্দর লক্ষ্য করে হুতিদের হামলার কথা স্বীকার করেছে সৌদি সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, একটি ক্ষেপণাস্ত্র জাজান বন্দরে এসে পড়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক নিহত বা আহত হননি।
নিক্ষেপ করা বস্তুটির প্রকৃতি নির্ধারণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সৌদি সামরিক জোটের এক বিবৃতিতে বলা হয়, জেদ্দা বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এদিকে, একই দিনে সৌদি আরবের বৃহত্তম শোধনাগার রাস তানুরা এবং রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রগুলোতেও হামলার দাবি করে হুতিরা। গোষ্ঠীটির দাবি, তিন ধাপে রিয়াদের আর্থিক কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। হামলার পর রাস তানুরা শোধনাগারটিতে আগুন ধরে যায় বলেও দাবি করা হয়।
তবে শোধনাগারটি সরাসরি আক্রান্ত হয়েছে কি না, তা নিশ্চিত করেনি সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরায় চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
রিয়াদে বিস্ফোরণ, দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি
সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কৌশলগত স্থাপনাগুলোতে একের পর এক হামলার দাবি করছে হুতিরা। রাজধানী রিয়াদের কেন্দ্রস্থলে থাকা গুরুত্বপূর্ণ আকাশচুম্বী ভবনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে।
এএফপির এক সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যরাতের দিকে রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে কর্তৃপক্ষ আকাশপথে ‘শত্রুপক্ষের হুমকি’ সম্পর্কে সতর্কতা জারি করেছিল। তবে কিছুক্ষণ পরই সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।
রিয়াদের উত্তর ও পূর্বাঞ্চলের বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের একজন জানান, বিস্ফোরণের সময় তাঁদের বাড়ির জানালাগুলো প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।
সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
হোদেইদাহ বন্দরের গুরুত্ব
খাদ্য, জ্বালানি ও মানবিক সহায়তা প্রবেশের গুরুত্বপূর্ণ পথ হোদেইদাহ বন্দর। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি বারবার সতর্ক করে বলেছে, এই বন্দরে যেকোনো হামলা হলে সৌদি আরবের কৌশলগত ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে।
হুতিদের দাবি, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন ও অবরোধ মোকাবিলায় তাদের এসব প্রতিরোধমূলক পদক্ষেপ। ২০১৫ সালের মার্চে শুরু হওয়া আগ্রাসন ও অবরোধের পরিপ্রেক্ষিতে ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো ধরনের হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

