সাভাসলেইকা বিমানঘাঁটিতে তিনটি মিগ-৩১ ও দুটি এসইউ-৩৪ উড়োজাহাজে আঘাতের দাবি কিয়েভের
মস্কোর পূর্বদিকে রাশিয়ার একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপে ব্যবহৃত পাঁচটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ।
বুধবার ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান এবং দুটি এসইউ-৩৪ ফাইটার-বম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার বিষয়ে রাশিয়ার বক্তব্য পাওয়া যায়নি
এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, মস্কোর যুদ্ধ প্রচেষ্টা ‘পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে’ চালানো সর্বশেষ দূরপাল্লার হামলার অংশ হিসেবে বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছে।
এর আগে লিবিয়ার জলসীমায় দুটি রুশ জাহাজ এবং ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার আরেকটি নৌযানে হামলা চালানো হয়। গত সপ্তাহে ইউক্রেনের হামলায় ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযুক্ত রাশিয়ার গুরুত্বপূর্ণ সেতুটির সড়ক অংশও ধ্বংস হয়।
অব্যাহত রয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘাত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে উদ্যোগ নেওয়া হলেও লড়াই অব্যাহত রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
জ্বালানি ব্যবস্থার ওপর নতুন করে চালানো হামলা এবং বিভিন্ন শহরে রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের মুখে চাপে থাকা কিয়েভ এখন মস্কোর সামরিক সক্ষমতায় আঘাত হানার চেষ্টা করছে।
রুশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রে হামলার দাবি
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা চলতি সপ্তাহে জানান, ইউক্রেনীয় বাহিনী রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রগুলো খুঁজে বের করে ধ্বংস করছে। এসব উৎক্ষেপণযন্ত্রের অনেকগুলোই হামলায় ব্যবহৃত হয়। গত কয়েক মাসে তারা এ ধরনের ১৬টি উৎক্ষেপণযন্ত্রে আঘাত হেনেছে।
রাশিয়ার তেল শোধনাগারের সক্ষমতা কমেছে ৪৫ শতাংশ
জ্বালানি খাতের সূত্রের বরাতে জানা গেছে, গত অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর পরিশোধন ক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে।
কিয়েভ জানিয়েছে, মস্কো হামলা বন্ধ করলেই কেবল তারা রাশিয়ার জ্বালানি স্থাপনায় আঘাত হানা বন্ধ করবে।

