স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ ও পানিসম্পদসহ বিভিন্ন খাতের ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।
অনুমোদিত ১০ প্রকল্প
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
এ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো—
১. আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।
২. যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।
সমাজকল্যাণ মন্ত্রণালয়
এ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। প্রকল্পটি হলো চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্প।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
এ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো—
১. পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পিডিআরআইডিপি) প্রকল্প।
২. চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
৩. নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন) প্রকল্প।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
এ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ (দ্বিতীয় পর্যায়, তৃতীয় সংশোধিত ও প্রস্তাবিত চতুর্থ সংশোধন) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
এ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো—
১. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন প্রকল্প।
২. আরইবির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্প।
পানিসম্পদ মন্ত্রণালয়
এ মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি হলো কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ এবং ৬৪/২বি-এর পুনর্বাসন প্রকল্প।

