অভিযোগ ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। রোববার মুক্তি পেয়ে তিনি বলেছেন, তাকে আটকের ঘটনা কেবল তার বিরুদ্ধে নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখানোর উদ্দেশ্যে নেওয়া রাজনৈতিক পদক্ষেপের অংশ।
মুক্তির পর শাদেহ বলেন, “আমার মতে, এর সবচেয়ে উপযুক্ত জবাব হলো নিজেদের মধ্যে এই বিশ্বাস আরও দৃঢ় করা যে, আমরা সঠিক পথে আছি, আমাদের পথ সত্যের পথ।” সাংবাদিক হিসেবে নিজের কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের সন্দেহে আটক
গত মঙ্গলবার ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ সন্দেহে আবু শাদেহকে আটক করা হয়। তেল আবিবের উপকণ্ঠে পেতাহ টিকভায় ইপাঁচ দিন আটক থাকার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিল ইসরায়েল
সরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের একটি স্থাপনায় তাকে রাখা হয়েছিল।
আইনের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আদালাহ জানিয়েছে, ইসরায়েলের আরব ভোটারদের সমর্থন দেওয়ার জন্য বিদেশি উৎস থেকে অর্থ গ্রহণের সন্দেহে তাকে আটক করা হয়েছিল।
আবু শাদেহ ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক। আরব৪৮ ওয়েবসাইটের ‘আল-মিদান’ পডকাস্টে কথা বলার পাশাপাশি সংবাদমাধ্যম আল জাজিরায় বিশ্লেষক হিসেবে উপস্থিত হওয়ার পর তার বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়।
আটকের পক্ষে পুলিশের প্রমাণ ছিল না: আইনজীবী
আবু শাদেহের আইনি পরামর্শদাতা ও আদালাহর মানবাধিকারবিষয়ক আইনজীবী হাদিল আবু সালিহ বলেন, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়, আবু শাদেহও সেসব বিষয় নিয়েই কথা বলেছেন।
তিনি বলেন, “প্রথম দিন, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই স্পষ্ট ছিল যে, এ বিষয়ে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই।” তার বিরুদ্ধে সন্দেহের ভিত্তি ছিল কাতারে অবস্থানকালে ফিলিস্তিনি বুদ্ধিজীবী আজমি বিশারার সঙ্গে তার একটি প্রকাশ্য কথোপকথন।
সালিহ বলেন, “বক্তারা ফিলিস্তিনি হওয়ার কারণে এখন এসব আলোচনাকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। কিংবা ফিলিস্তিনিরা যখন তাদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে চাইছেন, তখন একে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রব্যবস্থা সেই আলোচনা ও বিশ্লেষণকেই অপরাধ বলে সন্দেহ করছে।”
তিনি আরও বলেন, “তারা বোঝানোর চেষ্টা করছিল যে, তিনি সাংবাদিক নন, বরং রাজনৈতিক পরামর্শক।”
বাড়িতে অভিযান চালিয়ে আটক
গত ৩ নভেম্বর রাতে জাফায় আবু শাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য। এ সময় তাঁর দুই সন্তানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। তাঁর মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বইপত্রও জব্দ করা হয়।

