ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে বিজিবি; সদর দপ্তর থেকে চলছে সার্বক্ষণিক নজরদারি
চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি সদর দপ্তর। এতে বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
যেসব এলাকায় দায়িত্ব পালন করছে বিজিবি
বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় সদস্যরা দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকাতেও বিজিবি মোতায়েন রয়েছে।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
প্রযুক্তিনির্ভর নজরদারি ও সমন্বয়
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা সদস্যরা।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবির মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

