অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা নিয়ে আলোচনা

রাজনৈতিক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা জোরদারেও দুই দেশের আলোচনা

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে চীনের অব্যাহত কূটনৈতিক সমর্থন চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাজনৈতিক ও দলীয় পর্যায়ে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা এবং উন্নয়ন সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে দুই দেশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সম্মানে আয়োজিত প্রাতরাশ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকের আয়োজন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার

বৈঠকে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ কাঠামোর আওতায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।

এ সময় রাজনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ, দলীয় পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং উন্নয়ন অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে উভয় পক্ষ চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলাফল নিয়েও সন্তোষ প্রকাশ করে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা কামনা

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য চীনের অব্যাহত কূটনৈতিক সমর্থন কামনা করেন।

রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরে এ ক্ষেত্রে বেইজিংয়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি চীনের

লিউ হাইশিং চীনের পররাষ্ট্রনীতিতে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুসংহত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

অব্যাহত রাজনৈতিক সংলাপ, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে চীনের আগ্রহের কথাও জানান লিউ।

বাংলাদেশ-চীন বন্ধুত্বে পিতার অবদান স্মরণ

আলোচনাকালে লিউ হাইশিং বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত তাঁর বাবা লিউ শুচিংয়ের অবদানের কথা স্মরণ করেন। দুই দেশের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে তাঁর বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে জানান তিনি।

রাজনৈতিক সম্পৃক্ততা গভীর করা ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে চীনের মন্ত্রী লিউ হাইশিং গত ৩ নভেম্বর তিন দিনের সফরে ঢাকায় আসেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন