অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

অভয়নগরে ভৈরব ব্রিজের কাছে পরিবহনের ধাক্কায় ভ্যানের দুই যাত্রীর মৃত্যু; প্রেমবাগে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল আরও একজনের।

যশোরে মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আহত হোসেন আলীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুল সমাদ বিশ্বাস, হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব এবং বুইকারা গ্রামের ওবায়দুল রহমানের ছেলে আব্দুল্লাহ আল আপন।

ভৈরব ব্রিজের কাছে প্রাণ গেল দুই ভ্যানযাত্রীর

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুজ্জামান জানান, বুধবার সকাল ৯টার দিকে অভয়নগরের ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী পরিবহনের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী আব্দুল সমাদ বিশ্বাস ও আব্দুল ওহাব গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রেমবাগে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত আপন

এর আগে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ উড়োতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে আপন তাঁর প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১২টার দিকে প্রেমবাগ এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হোসেন আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে

পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় ও নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ওসি মোহাম্মদ নূরুজ্জামান জানান, উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন