মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্য; সম্মেলন উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে আগামী ৫ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন

মন্ত্রী জানান, আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় সক্ষমতা অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠেছে। বিশ্বজুড়ে এ প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এর ইতিবাচক সম্ভাবনার পাশাপাশি অপব্যবহার ও নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা বাড়ছে।

এ বাস্তবতায় বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর, দক্ষ ও প্রতিযোগিতামূলক অর্থনীতির পথে এগিয়ে নিতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

সম্মেলনের প্রতিপাদ্য ‘এআই ফর টুমরোজ ইকোনমি’

আগামী দিনের অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরতে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই ফর টুমরোজ ইকোনমি’।

মন্ত্রী বলেন, মানুষ, ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বাড়ানো এবং ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা উন্নত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রথম অধিবেশনে এআইয়ের সম্ভাবনা ও চ্যালেঞ্জ

দিনব্যাপী সম্মেলনে তিনটি বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় প্রথম অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব, এর প্রয়োগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

এ অধিবেশনে অর্থনৈতিক রূপান্তরে এআইয়ের ভূমিকা, এ প্রযুক্তি ব্যবহারে নীতিগত চ্যালেঞ্জ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের অংশীদারত্বে গুরুত্ব

দ্বিতীয় অধিবেশনে ব্যবসায়িক উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে অংশীদারত্ব জোরদারের বিষয়টি আলোচনায় আসবে।

এ অধিবেশনে গবেষণা ও উদ্ভাবনের ফলাফল বাণিজ্যিকভাবে কাজে লাগানো, শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল তৈরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক খাতের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

ডিজিটাল সহকর্মী হিসেবে এআই এজেন্ট

বিকেল ৩টায় তৃতীয় অধিবেশনে ডিজিটাল সহকর্মী হিসেবে এআই এজেন্টের ভূমিকা নিয়ে আলোচনা হবে।

ব্যবসায়িক কার্যক্রমে অর্ডার প্রক্রিয়াকরণ, লেনদেন সমন্বয় এবং বিভিন্ন শিল্প খাতের বাস্তব সমস্যার সমাধানে স্থানীয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ব্যবহার করা যায়, তা এ অধিবেশনে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যারা

সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন