মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

কুমিল্লায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র দুটি ম্যাগাজিন উদ্ধার

কটকবাজারে বিজিবির অভিযান, জড়িতদের শনাক্তে চলছে গোয়েন্দা তৎপরতা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন। মঙ্গলবার সকালে উপজেলার কটকবাজার এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিবিরবাজার শাহাপুর পোস্টের বিজিবির একটি টহল দল কটকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তবে অস্ত্রগুলো সেখানে কে বা কারা রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা পিস্তল ও ম্যাগাজিন কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

অস্ত্রগুলো সেখানে রেখে যাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তে নজরদারি জোরদার

বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্র ও মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র ও অন্যান্য চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ১০ বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন