রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রিকশা চুরির অভিযোগে রংপুরে দুইজনকে পিটিয়ে হত্যা

গঙ্গাচড়ায় ভোরে ধাওয়া করে ধরে মারধর, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোর ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার রেজাউল ইসলাম (৫০) ও কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদেকুল ইসলাম (৪০)।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর এ তথ্য জানিয়েছেন।

রিকশা চুরির অভিযোগে ধাওয়া

স্থানীয়দের বরাতে ওসি জানান, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত রিকশা চুরি হয়। চোরেরা রিকশাটি নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন সোহেল।

এ সময় পাশের মসজিদের ইমাম বিষয়টি বুঝতে পেরে মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। পরে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয়রা রিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন।

ধাওয়া খেয়ে তাঁরা রিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা সোহেল মিয়ার বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলের মধ্যে তাঁদের আটক করেন। সেখানে মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মরদেহ পাঠানো হয়েছে হাসপাতালে

ওসি জানান, খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চোর সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন