রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বার্সেলোনার জার্সিতে প্রথম ক্লাসিকো খেলতে মুখিয়ে জেসুস

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে তিন গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, এবার বার্সেলোনার হয়ে নতুন অভিজ্ঞতার অপেক্ষা

আর্সেনাল থেকে এসে বার্সেলোনায় ভালোভাবেই মানিয়ে নিয়েছেন গাব্রিয়েল জেসুস। এবার তাঁর সামনে চেনা প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। তবে জার্সি বদলে যাওয়ায় এই লড়াইয়ের আবহ যে সম্পূর্ণ বদলে গেছে, তা ভালোভাবেই বুঝতে পারছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ক্লাব ফুটবলের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথে নামার আগে রোমাঞ্চিত তিনি।

মৌসুমের প্রথম ক্লাসিকোয় রোববার মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটি হবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের মাঠ ক্যাম্প ন্যুতে। কেজ টিভির সঙ্গে আলাপচারিতায় জেসুস বলেন, এই ম্যাচের অংশ হতে মুখিয়ে আছেন তিনি।

“প্রথমবার ক্লাসিকোয় খেলা সত্যিই স্বপ্নের মতো ব্যাপার। আমি কখনো এই আকাঙ্ক্ষা আড়াল করিনি যে, একদিন বার্সেলোনার জার্সি পরতে চাই। অনেক বছর আগে কয়েকটি সাক্ষাৎকারে বলেছিলাম, আমার লক্ষ্যের মধ্যে আছে ক্লাসিকোয় খেলা। এই ঘরানার অনেক ম্যাচেই আমি ক্যারিয়ারজুড়ে খেলেছি। যেমন—পালমেইরাস বনাম করিন্থিয়ান্স ম্যাচ এবং ইংল্যান্ডে এমন অনেক ম্যাচ। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি।”

রিয়ালের বিপক্ষে তিন গোল

রিয়াল মাদ্রিদের বিপক্ষে এর আগে তিনটি গোল করেছেন জেসুস। সব কটি ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে। এবার গোলের সংখ্যা আরও বাড়াতে চান তিনি।

জেসুস বলেন, “সেগুলো ছিল চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে স্মরণীয় লড়াই। এর মধ্যে সান্তিয়াগো বের্নাবেউয়ে করা গোলও আছে। দুই ক্ষেত্রেই আমরা পরের ধাপে যেতে পেরেছিলাম।”

২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি রিয়ালের মাঠে নিজের প্রথম গোল করেন জেসুস। ইসকোর গোলে সিটি পিছিয়ে পড়ার পর সমতা ফেরান তিনি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। ফিরতি লেগেও একই ব্যবধানে জেতা ম্যাচে গোল করেন জেসুস।

২০২২ সালের এপ্রিলে আবারও মাদ্রিদের বিপক্ষে গোল করেন তিনি। এবার ইতিহাদ স্টেডিয়ামে ৪-৩ ব্যবধানে জয় পায় স্বাগতিক ম্যানচেস্টার সিটি।

বার্সেলোনার হয়ে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চারটি গোল করেছেন জেসুস। এবার প্রথম ক্লাসিকোয় মাঠে নেমে গোলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জনের অপেক্ষায় রয়েছেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন