আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে অভিষেকের ঘোষণা, প্রতিপক্ষ ফরলি
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এক দশকেরও বেশি সময় পর আবারও মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। আগামী মাসে ইতালির তৃতীয় বিভাগের দল রাভেনার হয়ে খেলতে দেখা যেতে পারে ৪৬ বছর বয়সী এই তারকাকে।
গত জুনে সবাইকে চমকে দিয়ে ইতালির সেরি ‘সি’-এর ক্লাব রাভেনায় যোগ দেন রোনালদিনহো। তবে এখনো ক্লাবটির হয়ে মাঠে নামেননি তিনি। শুক্রবার রাভেনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আগামী ১৫ নভেম্বর ফরলির বিপক্ষে ম্যাচে ক্লাবটির জার্সিতে অভিষেক হবে সাবেক এই ব্রাজিলিয়ান আন্তর্জাতিক তারকার।
রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবল খেলেছিলেন।
বিশ্বজুড়ে নজর কাড়ার প্রত্যাশা
রোনালদিনহোর অভিষেক ঘিরে বড় প্রত্যাশা তৈরি হয়েছে রাভেনা শিবিরে। ক্লাবটির ভাষ্য, এই ম্যাচের মাধ্যমে পুরো বিশ্বের নজর ঘুরে যাবে স্তাদিও ব্রুনো বেনেল্লির দিকে।
এক বিবৃতিতে রাভেনা জানায়, ‘সমগ্র ফুটবল বিশ্ব বিষয়টিকে সত্য হওয়ার জন্য যেন একটু বেশিই ভালো বলে মনে করেছিল। তবে এর পরিবর্তে আমরা এখন আনুষ্ঠানিকভাবে এক দুর্দান্ত প্রত্যাবর্তনের ঘোষণা দিতে পারছি। এমন এক প্রতিভা, হাসি ও জাদুর প্রত্যাবর্তন—যা কোনো দলের প্রতি আনুগত্য বা ফুটবল পক্ষপাত ছাড়াই প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তদের মুগ্ধ করে আসছে।’
প্রখ্যাত ‘সিপ্রিয়ানি’ রেস্তোরাঁ ব্র্যান্ডের ইগনাজিও সিপ্রিয়ানি রাভেনা পরিচালনা করেন। তিনি জানিয়েছেন, তাঁর স্বপ্ন রোনালদিনহোর ক্যারিয়ারের শেষ গোলটি যেন রাভেনার জার্সিতেই আসে।
সৈকতে পরিচয়, এবার মাঠে ফেরার অপেক্ষা
মৌসুম শুরুর কিছুদিন আগে, গত আগস্টে সমুদ্রসৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে সমর্থকদের সামনে রোনালদিনহোকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
রাভেনা জানায়, মিয়ামিতে তাঁর যোগ দেওয়ার ঘোষণা থেকে শুরু করে মারিনা দি রাভেনার সৈকতে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা—সব মিলিয়ে তাঁকে ঘিরে আগ্রহ, কৌতূহল ও বিস্ময় ক্রমেই বেড়েছে।
ক্লাবটির ভাষ্য, প্রেসিডেন্ট সিপ্রিয়ানির পরিকল্পনা ভক্তদের কল্পনাকে উসকে দিয়েছে এবং ইতালির গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে। এবার সেই গল্পের একটি নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ১৫ নভেম্বর বেনেল্লি স্টেডিয়ামে রোনালদিনহোর মাঠে নামার মধ্য দিয়ে শুরু হবে নতুন অধ্যায়।
বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ ও ব্যালন ডি’অর
রাভেনার হয়ে খেলতে নামলে ইতালীয় ফুটবলে রোনালদিনহোর দ্বিতীয় অধ্যায় শুরু হবে। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি এসি মিলানের প্রতিনিধিত্ব করেছেন। এ ছাড়া প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনার হয়েও খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৫ সালে ব্যালন ডি’অর অর্জন করেন তিনি। অসাধারণ ড্রিবলিং, সৃজনশীল খেলা ও মাঠে আনন্দময় উপস্থিতির জন্য বিশ্বজুড়ে পরিচিত রোনালদিনহো।
ক্লাবটির মতে, কিছু ফুটবলার তাঁদের অর্জনের জন্য স্মরণীয় হয়ে থাকেন, আবার কেউ কেউ মানুষের মনে জায়গা করে নেন তাঁদের খেলার মাধ্যমে তৈরি করা অনুভূতির জন্য। রোনালদিনহো সেই বিরল খেলোয়াড়দের একজন, যিনি একটি অপ্রত্যাশিত ড্রিবল, সৃজনশীলতার ঝলক কিংবা হাসির মাধ্যমে ফুটবলকে নিখাদ আনন্দে পরিণত করতে পারেন।
লিগে দ্বিতীয় স্থানে রাভেনা
রাভেনা বর্তমানে সেরি ‘সি’-এর নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। ইতালির এই তৃতীয় বিভাগ ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে তিনটি গ্রুপে বিভক্ত।
রোনালদিনহোর অভিষেক ঘিরে প্রত্যাশা জানিয়ে ক্লাবটি বলেছে, ‘অপেক্ষার প্রহর প্রায় শেষ। সেই জাদু আবারও সবুজ মাঠে ফিরে আসছে।’

