বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ইউরিয়া সার উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার

গ্যাস সরবরাহ নিশ্চিত করে ইউরিয়া উৎপাদন বাড়ানোর উদ্যোগ, চলতি বছরেই আশুগঞ্জ কারখানা চালুর আশা বিসিআইসি চেয়ারম্যানের

দেশের সব সার কারখানা চালুর মাধ্যমে ইউরিয়া সার আমদানি বাবদ ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গ্যাস-সংকটের কারণে গত বছরের ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তবে চলতি বছরেই গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাটিতে উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিসিআইসি চেয়ারম্যান।

আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ

বাবুল মিঞা বলেন, বিসিআইসির কারখানাগুলো সচল করতে চায় সরকার। বর্তমানে দেশে ২৬ থেকে ২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। কারখানাগুলো সচল রেখে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি সার রপ্তানির সক্ষমতাও রয়েছে।

তিনি বলেন, “আমাদের মূল সমস্যা হচ্ছে গ্যাসের সংকট। তবে গ্যাস সরবরাহ নিশ্চিত করে আমাদের কারখানাগুলো চালু করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। কারখানাগুলো চালু করতে পারলে আমাদের আর সার আমদানি করতে হবে না।”

পরিদর্শনে কারখানার কর্মকর্তারা

আশুগঞ্জ সার কারখানা পরিদর্শনের সময় বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আলী আশরাফ, উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন