আগামী বছরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বকাপ খুব গুরুত্ব দিয়ে দেখছি। নিজেদের সেরাটা দেব। আশা করি ট্রফি আবার পাকিস্তানে ফেরত আনতে পারব।’
সবশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো শিরোপা জিততে পারেনি পাকিস্তান। তবে আগামী বছর বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান।
বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের মধ্যে বৈঠক করেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের তারকা ওপেনার ফখর জমান। তিনি জানান, ‘আইসিসি ট্রফি জেতার জন্য আমাদের উপরে চাপ রয়েছে। বড় আন্তর্জাতিক ট্রফির খরা কাটানোর ব্যাপারে আমরা নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি।’
তারকা এই ওপেনার আরও বলেছেন, ‘দীর্ঘ দিন আইসিসি ট্রফি না জেতার কারণে লোকে যে হতাশ হবে এটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে, ভালো খেললে সমর্থকদের ভালোবাসা এবং সমীহ পাই। তবে সেমিফাইনাল বা ফাইনালে ওঠার চেয়ে ট্রফি জিতলে গোটা দেশ যে ভাবে উদ্বেল হয়ে ওঠে, তা পুরো আলাদা অনুভূতির।’
বর্তমানে ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ফখর জামান।
তিনি বলেছেন, ‘বিশ্বকাপে দল গঠনের প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে হবে। সবচেয়ে ভালো ব্যাপার, বেশির ভাগ ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট খেলে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামছে।’

