ফোন নম্বর, ছবি, ভিডিও ও ক্ষুদে বার্তা হাতিয়ে হয়রানির অভিযোগ; লাইসেন্সবিহীন ২২টি পেমেন্ট প্ল্যাটফর্মেও লেনদেন না করার পরামর্শ
অনলাইনে ঋণ দেওয়ার নামে পরিচালিত কিছু মোবাইল অ্যাপে নিবন্ধন করলেই গ্রাহকের মুঠোফোনে সংরক্ষিত ফোন নম্বর, ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও ও ক্ষুদে বার্তা অ্যাপ নিয়ন্ত্রণকারীদের হাতে চলে যাচ্ছে। এসব তথ্য ব্যবহার করে অর্থ দাবি, ব্ল্যাকমেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর ছবি প্রকাশের হুমকি দিয়ে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এসব অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়া সম্পূর্ণ অবৈধ। এ ধরনের অ্যাপ ব্যবহার এবং এর মাধ্যমে আর্থিক লেনদেনে অংশ নেওয়া থেকে বিরত থাকতে জনসাধারণকে পরামর্শ দিয়েছে সংস্থাটি।
অনুমোদন ছাড়া ঋণ কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া এ ধরনের ঋণ কার্যক্রম পরিচালনা অবৈধ। একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অ্যাপের নিয়ন্ত্রণকারীরা সরাসরি শাস্তিযোগ্য অপরাধ করছেন। পাশাপাশি এসব অ্যাপে নিবন্ধন করে আর্থিক লেনদেনে অংশ নেওয়া ঋণগ্রহীতারাও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।
এ পরিস্থিতিতে অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে বেআইনি ঋণ কার্যক্রম পরিচালনা এবং এতে অংশগ্রহণ থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
লাইসেন্সবিহীন ২২টি পেমেন্ট প্ল্যাটফর্মে সতর্কতা
এর আগে লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্মের বিষয়ে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক। রোববার এক সতর্কবার্তায় এসব প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা প্ল্যাটফর্মগুলো হলো— বহুদূরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়াক, একে পে, বিডি পে, সাজঘরপে, আস্থাপে/সিপে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়াপে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে লাইসেন্স ছাড়াই পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়া এসব প্রতিষ্ঠান শনাক্ত করেছে বলে সতর্কবার্তায় জানানো হয়।
লাইসেন্স ছাড়া পেমেন্ট সেবা দেওয়াও অবৈধ
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা কিংবা পরিশোধ সেবা দিতে পারে না। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। একই আইনের ৩৭(১) ধারায় এ অপরাধের শাস্তির বিধান রয়েছে।
কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি ঝুঁকি এড়াতে লাইসেন্সবিহীন এসব প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা ও সেগুলোতে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

