অনুসরণ করুন:
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জুলাই আন্দোলনে পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো নাসির উদ্দিন সাথীকে

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে পাপ্পু চৌধুরী নামে এক যুবককে হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সৌমিত্র সরকার গত ১২ অক্টোবর সাথীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রোববার শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে বক্তব্য দেন। অন্যদিকে, সাথীর পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন তাকে গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

যেভাবে হত্যা করা হয় পাপ্পুকে

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে জুলাই আন্দোলনে অংশ নিয়ে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে গুলিবিদ্ধ হন পাপ্পু চৌধুরী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২৩ আগস্ট আলী চৌধুরী নামের এক ব্যক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

আগস্ট থেকে কারাগারে সাথী

পুলিশ ২০২৫ সালের ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন