শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পরিদর্শন নৌপরিবহন সচিবের

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া।

শুক্রবার (১৬ অক্টোবর) তিনি আরিচা নদীবন্দরের আওতাধীন এসব ঘাট ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় ঘাটগুলোর সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা এবং দুর্গাপূজা উপলক্ষে নেওয়া প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে ঘাটগুলোর ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন নৌপরিবহন সচিব। পাশাপাশি যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে নৌপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা এবং ঘাটগুলোর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য (অর্থ) ক্যাপ্টেন মো. মোয়াজ্জেম হোসেন (গ্রেড-২), শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. মাসুদুর রহমানসহ বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আরিচা নদীবন্দরের বিভিন্ন বিভাগের স্থানীয় কর্মকর্তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন