শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান: মন্ত্রী আমিন উর রশিদ

ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই এ দেশের নাগরিক। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখা কিংবা কোনো সম্প্রদায়কে হীনম্মন্যতায় ভোগানোর সুযোগ নেই। প্রত্যেককে সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাসের সুযোগ নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার ধর্মসাগর পাড়ে দলীয় কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর ও সদর দক্ষিণ এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনারা এ দেশের ভূমিপুত্র, আমিও এ দেশের ভূমিপুত্র। আমার যতটুকু অধিকার আছে, আপনাদেরও ততটুকু অধিকার আছে। অধিকার কেউ কাউকে দিয়ে দেয় না, নিজের অধিকার নিজেকেই ভোগ করতে হয়।”

ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন মুসলমান ও একজন হিন্দুর রক্তের রং একই। বিপদে একজনের পাশে অন্যজন দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে বিভেদ কমিয়ে আস্থা ও সম্প্রীতি বাড়ানো সম্ভব।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, পূজা উদ্‌যাপনে সরকার সাধ্য অনুযায়ী সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। তবে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসচ্ছল প্রতিবেশীদের পাশে দাঁড়াতে হবে।

দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। নিরাপত্তা তদারকিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, কেউ যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নির্ধারিত জরুরি যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে হবে।

ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশকে উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে। এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ নিরাপদে বসবাস করবেন এবং দেশের উন্নয়নে সমানভাবে অবদান রাখবেন।

কুমিল্লা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন