জেলার আড়াইহাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন বর্মণ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ সোমবার সকালে উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে। সুজন বর্মণ উপজেলার মালুপাড়া এলাকার মধু বর্মণের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আধুরিয়া এলাকা থেকে মাছ ধরে অটোরিকশায় করে ফিরছিলেন সুজনসহ সাতজন।
পথে পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। আহত হন বাকি ছয় যাত্রী।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

