প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে আন্দোলন নিয়ে মন্তব্য নয়; সৌদি আরবে হামলা বন্ধের আহ্বান বাংলাদেশের
ভারতে প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে চলমান আন্দোলন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই; ভারতই বিষয়টি নির্ধারণ করবে।
সোমবার ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতে চলমান বিক্ষোভ এবং সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে পুশইনের আশঙ্কার প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের এখানে কোনো মূল্যায়ন আপাতত নাই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা ভারতই ঠিক করবে।”
সৌদি আরবে হামলা বন্ধের আহ্বান
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশিদের হতাহতের বিষয়টিও উঠে আসে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংঘাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান শামা ওবায়েদ।
তিনি বলেন, সৌদি আরবে চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এটা আমরা অবিলম্বে বন্ধ চাই। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের যুবরাজকে চিঠিও দেওয়া হয়েছে।”
মক্কা-মদিনার নিরাপত্তায় বাংলাদেশের আবেগ ও সংহতি
মক্কা ও মদিনার নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের সামরিক-বেসামরিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের আগের বক্তব্যের প্রসঙ্গেও প্রশ্ন করা হয় শামা ওবায়েদকে।
জবাবে তিনি বলেন, মুসলিম হিসেবে মক্কা ও মদিনার সঙ্গে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ ও সংহতি জড়িত। এ কারণে পবিত্র দুই নগরীর নিরাপত্তার বিষয়টি শুধু কূটনৈতিক বিবেচনার মধ্যে সীমাবদ্ধ নয়।
শামা ওবায়েদ বলেন, “আমরা যারা মুসলমান, আমরা যারা সারা বিশ্বে একটা সলিডারিটি নিয়ে আছি, সারা বিশ্ব— আমরা মুসলমানরা, তারা তো অবশ্যই মক্কা মদিনার ব্যাপারে শুধু আমাদের একটা ডিপ্লোমেসি না, আমাদের একটা ইমোশনও তার উপরে কাজ করে।”
তিনি আরও বলেন, “সেই জায়গা থেকে অবশ্যই আমরা মক্কা-মদিনার যদি এরকম কোনো হুমকি আসে…আমরা যারা বাংলাদেশি, মুসলমান আছি, আমরা তো বসে থাকব না।”
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য না করার অবস্থানের পাশাপাশি সৌদি আরবে চলমান সংঘাত বন্ধ এবং মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সংহতির কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

