রবিবার, ১১ অক্টোবর ২০২৬

জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, জনগণের অধিকার, সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের প্রতিটি স্তরে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।

শনিবার (১০ অক্টোবর) সিলেট নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট অঞ্চল জামায়াত আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে সিলেট মহানগরসহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নায়েবে আমীর, সেক্রেটারি এবং কর্মপরিষদ সদস্যরা অংশ নেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ, ধৈর্য ও অবিচলতার কোনো বিকল্প নেই। দলের শীর্ষ নেতাদের আত্মত্যাগ, আদর্শ ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীলদের লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থ ও প্রতিকূলতা উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে ঈমানি দৃঢ়তা, নৈতিক শুদ্ধতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংগঠনের প্রার্থীদের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আগে থেকেই সুপরিকল্পিত কৌশল নির্ধারণ করতে হবে। এলাকার মানুষের চাহিদা, সমস্যা ও প্রত্যাশা বুঝে নির্বাচনী কার্যক্রম সাজাতে হবে।

তিনি প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, সততা ও জনসম্পৃক্ততা মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি কর্মীদের মধ্যে সমন্বয়, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ঘরে ঘরে মতবিনিময় এবং স্থানীয় সমস্যা সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শিক্ষাশিবিরে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার বিকল্প নেই। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে এবং জবাবদিহির মনোভাব নিয়ে কাজ করতে হবে।

তিনি জনসম্পৃক্ততা বৃদ্ধি, মানুষের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন