রবিবার, ১১ অক্টোবর ২০২৬

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালির অভিযোগে নারী আটক

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে প্রলুব্ধ করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে শামীমা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি চিকিৎসাসেবা নিতে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী শামীমা খাতুন নার্সের পোশাক পরে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেন। পরে তিনি ওই রোগীকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের নজরে এলে এপিসি মো. আল মামুন সরকারের নেতৃত্বে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীমা দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া স্থানীয়দের কাছ থেকেও তাঁর বিরুদ্ধে একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

পরে আটক নারীকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং দায়িত্বশীল ভূমিকার জন্য আনসার সদস্যদের ধন্যবাদ জানায়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের হয়রানি প্রতিরোধ এবং হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের তৎপরতা বন্ধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন