নতুন হোম হাব উন্মোচন হতে পারে ১৩ অক্টোবর, নিরাপত্তা ক্যামেরাও যৌথভাবে তৈরি করছে দুই প্রতিষ্ঠান
স্মার্ট হোম প্রযুক্তির বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে দক্ষিণ কোরিয়ার এলজি ইলেকট্রনিকসের সঙ্গে যৌথভাবে নতুন একগুচ্ছ ডিভাইস তৈরি করছে অ্যাপল। পরিকল্পিত পণ্যের তালিকায় রয়েছে ভিডিও ডোরবেল, স্মার্ট ডেডবোল্ট লক, থার্মোস্ট্যাট, টেম্পারেচার সেন্সর এবং ঘরের ভেতর ও বাইরে ব্যবহারের নিরাপত্তা ক্যামেরা।
ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এসব ডিভাইস অ্যাপলের আসন্ন স্মার্ট হোম ইকোসিস্টেমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য তৈরি হচ্ছে। তবে যৌথভাবে উন্নয়ন করা হলেও পণ্যগুলো বাজারজাত হওয়ার কথা এলজির ব্র্যান্ডে। উৎপাদন ও পণ্য-পরবর্তী সহায়তার দায়িত্বও এলজির হাতে থাকবে।
১৩ অক্টোবর আসতে পারে অ্যাপলের নতুন হোম হাব
অ্যাপলের স্মার্ট হোম পরিকল্পনার কেন্দ্রে রয়েছে নতুন একটি হোম হাব। আগামী ১৩ অক্টোবর ডিভাইসটি উন্মোচনের পরিকল্পনা রয়েছে বলে ব্লুমবার্গের বরাতে রয়টার্স জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হাবটিতে প্রায় ৬ ইঞ্চির বর্গাকার ডিসপ্লে থাকবে। এটি দেয়ালে স্থাপন করার পাশাপাশি কাউন্টার বা টেবিলেও রাখা যাবে। একই সময়ে নতুন HomePod mini ও Apple TV ডিভাইসও সামনে আনার পরিকল্পনা রয়েছে।
নিরাপত্তায় একাধিক ডিভাইস
অ্যাপল ও এলজির সহযোগিতা শুধু স্মার্ট লক কিংবা ডোরবেলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। পরিকল্পিত পণ্যের মধ্যে রয়েছে ইনডোর সিকিউরিটি ক্যামেরা, আউটডোর ক্যামেরা এবং ফ্লাডলাইট ক্যামেরাও।
এলজির যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথিতে ‘LG Video Doorbell Wired’, ‘LG Smart Deadbolt Lock’, ‘LG Smart Thermostat’, ‘LG Temperature Sensor’, ‘LG Indoor Cam’, ‘LG Outdoor Cam’ এবং ‘LG Floodlight Cam’-এর মতো পণ্যের তথ্য পাওয়া গেছে।
কয়েকটি ডিভাইসে Wi-Fi ও Bluetooth-এর পাশাপাশি Thread ও Matter স্মার্ট হোম স্ট্যান্ডার্ড ব্যবহারের তথ্যও পাওয়া গেছে। স্মার্ট লকে Ultra-Wideband (UWB) প্রযুক্তি থাকার কথা রয়েছে, যা ব্যবহারকারী দরজার কাছে এলে স্বয়ংক্রিয়ভাবে আনলক করার মতো সুবিধা দিতে পারে।
পণ্যে থাকবে এলজির নাম
এই অংশীদারত্বের উল্লেখযোগ্য দিক হলো, পণ্য উন্নয়নে অ্যাপল যুক্ত থাকলেও সেগুলো অ্যাপল ব্র্যান্ডে বাজারজাত হওয়ার কথা নয়। এলজি নিজস্ব ব্র্যান্ডে পণ্যগুলো বিক্রি করবে এবং উৎপাদন ও গ্রাহক সহায়তার দায়িত্ব পালন করবে।
এ ধরনের অংশীদারত্বের মাধ্যমে অ্যাপলকে নিজে প্রতিটি আনুষঙ্গিক ডিভাইস উৎপাদন ও বিক্রয়োত্তর সেবার পুরো দায়িত্ব না নিয়েও নিজেদের স্মার্ট হোম ইকোসিস্টেম দ্রুত সম্প্রসারণের সুযোগ দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Amazon Ring ও Google Nest-এর বাজারে প্রতিযোগিতা
স্মার্ট হোম নিরাপত্তা ও নিয়ন্ত্রণ প্রযুক্তির বাজারে ইতোমধ্যে Amazon-এর Ring এবং Google-এর Nest-এর মতো প্রতিষ্ঠিত পণ্য রয়েছে। নতুন হোম হাব এবং এলজির সঙ্গে তৈরি আনুষঙ্গিক ডিভাইসগুলোর মাধ্যমে অ্যাপল এ বাজারে নিজেদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াতে চাইছে বলে প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে।
তবে ১৩ অক্টোবর অ্যাপলের হোম হাব উন্মোচিত হওয়ার কথা থাকলেও এলজির সঙ্গে যৌথভাবে তৈরি ডোরবেল, লক, থার্মোস্ট্যাট ও ক্যামেরাগুলো তখনই বাজারে পাওয়া যাবে—এমনটি নিশ্চিত নয়। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা আগে এলেও এসব পণ্য গ্রাহকের হাতে পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

