‘শিক্ষকের মর্যাদা, শিক্ষার উন্নয়ন ও জাতি গঠনে শিক্ষকের ভূমিকা’—এই চেতনাকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নূরনবী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

