মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

পাংশায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে গুণী শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চারজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধিত শিক্ষকরা হলেন—পাংশা সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অব.) মো. আবুল কাশেম, বয়রাট মাজাইল ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ (অব.) আলহাজ্ব মাওলানা মো. সিরাজুল ইসলাম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অব.) সুশীল কুমার মুদী এবং সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলী হোসেন।

পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে এবং পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সোহরাবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আব্দুল হান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু এবং পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন।

বিশ্ব শিক্ষক দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর বক্তব্য দেন পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খোন্দকার মাহফুজুর রহমান।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজে শিক্ষকদের যথাযথ সম্মান প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অব.) মো. আব্দুল খালেককে পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের গ্রাচ্যুইটির ৮ লাখ ১৬ হাজার ২৪০ টাকার চেক প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন