বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, বহাল সেপ্টেম্বরের বর্ধিত মূল্য

অক্টোবর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দামে নতুন কোনো পরিবর্তন আসছে না। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমানে কার্যকর মূল্যই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে অক্টোবর মাসের জন্য এ মূল্য কার্যকর থাকবে।

বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানানো হয়।

নির্ধারিত মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

এর আগে ২০ সেপ্টেম্বর সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করে। ওই সিদ্ধান্ত ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার পর চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারে ২০ টাকা করে বেড়েছিল।

সেই সমন্বয়ের আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, যা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।

ফলে মাত্র কয়েক দিন আগে কার্যকর হওয়া বর্ধিত দামই অক্টোবর মাসে বহাল থাকছে। নতুন মাসের জন্য সরকার কোনো ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায়নি বা কমায়নি।

অক্টোবরের জ্বালানি তেলের দাম

ডিজেল: ১৩৫ টাকা/লিটার
অকটেন: ১৬৫ টাকা/লিটার
পেট্রোল: ১৬০ টাকা/লিটার
কেরোসিন: ১৫৫ টাকা/লিটার


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন