পটুয়াখালীর বাউফলে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে নদ-নদীতে অভিযান জোরদার এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণসহ নিষিদ্ধ কার্যক্রম বন্ধে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। ইলিশ সংরক্ষণে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় প্রজনন মৌসুমে নদ-নদীতে অভিযান জোরদার, নিষেধাজ্ঞা কার্যকর, জেলেদের সচেতন করা এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞাকালে জেলেদের সরকারি সহায়তা প্রদান ও সচেতনতা কার্যক্রমের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
ইউএনও সালেহ আহমেদ বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকর করা গেলে মা-ইলিশ রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জেলেদেরও নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সভায় সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিঞা, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল আলম, গণ অধিকার পরিষদ বাউফল উপজেলা সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার ১৫ ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

