বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

জাপানের সম্রাটের অভিনন্দন বার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে পৌঁছে দিলেন রাষ্ট্রদূত

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। সাক্ষাতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে জাপানের সম্রাটের পাঠানো অভিনন্দন বার্তা তাঁর হাতে তুলে দেন রাষ্ট্রদূত।

বাংলাদেশে জাপান দূতাবাসের প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় থেকে বাংলাদেশ ও জাপানের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় টোকিও।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার প্রচেষ্টায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যকার ‘কৌশলগত অংশীদারত্বের’ আওতায় বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার আগ্রহের কথা জানান তিনি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাপানের সম্রাটের অভিনন্দন বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্ব ও উন্নয়ন অংশীদারত্বের কথা উল্লেখ করেন। বিশেষ করে ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাপান সফরের প্রসঙ্গ তুলে ধরে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্বের কথা বলেন।

বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতারও প্রশংসা করেন রাষ্ট্রপতি। আগামী দিনে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন