বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মেডিকেল টিমের সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে সচেতনতামূলক আলোচনা সভা এবং বিনামূল্যে মশা প্রতিরোধী ক্রিম ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গুর লক্ষণ, জ্বর হলে করণীয় ও বর্জনীয়, পর্যাপ্ত তরল গ্রহণ, বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসাসেবা গ্রহণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কর্মসূচিটি আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, ডা. গালিব হাসান এবং সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন।

এ ছাড়া হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ ফেরদৌস হাসান, সিনিয়র শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদ এবং কলেজ ছাত্রদলের সদ্য সাবেক নির্বাচিত সদস্যসচিব আসাদুজ্জামান মাসুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, এডিস মশার কামড় থেকে সুরক্ষা এবং মশার প্রজননস্থল ধ্বংস ডেঙ্গু প্রতিরোধের গুরুত্বপূর্ণ উপায়। জ্বরের পাশাপাশি তীব্র পেটব্যথা, বারবার বমি, দ্রুত শ্বাস নেওয়া কিংবা রক্তক্ষরণের মতো বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসাসেবা নেওয়া প্রয়োজন।

আয়োজকেরা জানান, ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা, সতর্কতা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ জোরদার করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন