সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কারিগরি শিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারে গুয়াংডংয়ে মতবিনিময়

ভোকেশনাল এডুকেশন এক্সচেঞ্জে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন • ‘Beidou+’ ডিজিটাল সাপ্লাই চেইন ল্যাব পরিদর্শন • রোবোটিক্স ও রোবট প্রোগ্রামিংয়ের প্রযুক্তি প্রত্যক্ষ

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বাংলাদেশ ও চীনের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চীনের গুয়াংডং ভোকেশনাল সিটিতে আয়োজিত ‘China-Bangladesh Vocational Education Exchange’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে দুই দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, দক্ষ জনশক্তি তৈরি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের বিভিন্ন দিক গুরুত্ব পায়।

সফরের অংশ হিসেবে শিক্ষামন্ত্রী গুয়াংডংয়ের “Beidou+” ডিজিটাল সাপ্লাই চেইন ল্যাবরেটরি পরিদর্শন করেন। সেখানে প্রযুক্তিনির্ভর সরবরাহ ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন তিনি।

এ সময় তিনি রোবোটিক্স ও রোবট প্রোগ্রামিংয়ের বিভিন্ন প্রদর্শনী প্রত্যক্ষ করেন। প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী জনশক্তি তৈরিতে এসব প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও সংশ্লিষ্টদের কাছ থেকে ধারণা নেন।

শিক্ষামন্ত্রী চীনের ঐতিহ্যবাহী চা সংস্কৃতির একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন।

এ সফরে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীন বিশ্বব্যাপী কারিগরি শিক্ষা, উৎপাদন প্রযুক্তি, অটোমেশন ও রোবোটিক্সে দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণব্যবস্থা পরিচালনা করছে। বাংলাদেশেও শিল্পখাতের চাহিদার সঙ্গে কারিগরি শিক্ষাকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানোর বিষয়টি ক্রমেই গুরুত্ব পাচ্ছে।

গুয়াংডংয়ের এ শিক্ষা বিনিময় কর্মসূচি দুই দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন