রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পেশাগত দক্ষতা ও বীরত্বের স্বীকৃতি পিপিএম-সেবা পদকে ভূষিত বাঘা থানার এসআই সিফাত রেজা

পেশাগত দক্ষতা, সাহসিকতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পেয়েছেন রাজশাহী জেলার বাঘা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোহাঃ সিফাত রেজা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি তাঁর হাতে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, পুলিশি সেবায় অনন্য অবদান, চাঞ্চল্যকর ডাকাতি ও অপহরণ মামলার তদন্তে সাফল্য এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এসআই সিফাত রেজাকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও সাহসিকতার মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সাফল্য অর্জন করেন। একই সঙ্গে উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবায় অবদান রাখায় তাঁর এই অর্জন বলে জানিয়েছে রাজশাহী জেলা পুলিশ।

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, সিফাত রেজার এ স্বীকৃতি তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ ও জনসেবায় অবদানের স্বীকৃতি। তাঁর এই অর্জনে রাজশাহী জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

পদকপ্রাপ্ত এসআই মোহাঃ সিফাত রেজাকে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর পেশাগত সাফল্য ও জনসেবার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে জেলা পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন